কক্সবাজার সৈকত থেকে এক দিনে ৩ মরদেহ উদ্ধার
কক্সবাজারের উখিয়ায় সাগরপাড় থেকে এক দিনে তিনটি অজ্ঞাত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টা থেকে বিকেল পৌনে ৩টার মধ্যে জালিয়াপালং ইউনিয়নের মাদারবুনিয়া ও মনখালী এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে মাদারবুনিয়া নৌকার ঘাট থেকে প্রায় ৪০০ গজ দক্ষিণে সাগরপাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে ইনানী পুলিশ ফাঁড়ির সদস্যরা মরদেহটি উদ্ধার করেন। এর প্রায় তিন ঘণ্টা পর মনখালী এলাকার সাগরপাড়ে আরো দুটি মরদেহ পড়ে থাকার খবর পায় পুলিশ। পরে সেগুলোও উদ্ধার করা হয়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, তিনটি মরদেহের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ২১ সেপ্টেম্বর টেকনাফের সাগরে রোহিঙ্গাদের বহনকারী একটি ট্রলার ডুবে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্ট গার্ড। ওই ঘটনায় কয়েকজন নিখোঁজ রয়েছে।
উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাতে টেকনাফ থানা পুলিশ জানিয়েছে, তারা প্রায় এক বছর আগে বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশে দেশ ছেড়েছিলেন। পরে সাগরপথে আবার বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন। উখিয়ার সৈকত থেকে উদ্ধার হওয়া তিন মরদেহ ওই ট্রলারডুবির নিখোঁজ ব্যক্তিদের কি না, এখন সেটিই যাচাই করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
What's Your Reaction?