গণ-অভ্যুত্থান দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানে মব করেছে কিছু ব্যক্তি : প্রতিমন্ত্রী ইশরাক
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, গতকাল রাষ্ট্রপতির উপস্থিতিতে জুলাই গণঅভ্যুত্থানের অনুষ্ঠানকে কিছু ব্যক্তি বানচাল করার জন্যে সুপরিকল্পিতভাবে গোলযোগ সৃষ্টি করে। যেটাকে আমরা ইদানীং মব কালচার হিসেবে জানি, সেই কাজটি তারা করেছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জুলাই-আগস্ট বিপ্লবের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শহীদ পরিবারকে অনুদান প্রদান ও স্মৃতিচারণা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, যারা জুলাইযোদ্ধা পরিচয় ব্যবহার করে রাজনৈতিক দল গঠন করেছে এবং গতকাল (৫ আগস্ট) এই ঘটনার পর সেই রাজনৈতিক দলের প্রধান এবং আজ বিরোধীদলীয় নেতা যে দাবি করেছে, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছি আমরা, এটা কোনোদিনও কি সম্ভব? ২০২৪ সালে তথ্যপ্রযুক্তির যুগে এখন কি ইতিহাস বিকৃত করে একটা কিছু চালালেই সেটা সম্ভব হয়ে যেতে পারে? না। সেখানে যে প্রদর্শনীটি করা হয়েছিল তথ্যচিত্র সেটা কয়েক মিনিটের এবং সেই অনুষ্ঠানটিকে কেন্দ্র করে এটা কোনো ইতিহাসকে লিপিবদ্ধ করা হচ্ছিল না। তাদের যে অবদান সেটাকে তো আমরা কোনোদিনও অস্বীকার করিনি, করব না।
তিনি আরো বলেন,যখন অনুষ্ঠানটি শুরু হয় তার আগে শহীদ পরিবারের সঙ্গে কথা বলছিলাম। সেখানে গিয়ে আমি শহীদ পরিবারদের মায়েদের কাছ থেকে, বাবাদের কাছ থেকে যারা সন্তান হারিয়েছে যে ধরনের অভিযোগ পেয়েছি এগুলো যদি এখন আমি বলি, তাদের রাজনীতির ‘র’ আর থাকবে না।
তারা শহীদের কবরের টাকা মেরে খেয়েছে, সেটি বললে তাদের রাজনীতি আর থাকবে না
ইশরাক হোসেন বলেন, জুলাই গণ-অভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর ছিল না, এটি দেশবাসী সবার অভ্যুত্থান।
প্রতিমন্ত্রী বলেন, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আমরা যারা রয়েছি, কোনোভাবে আমাদেরকে হেয়প্রতিপন্ন করা যায় কি না, সেটার জন্য প্রয়োজন হলে বাংলাদেশের সম্মানকেও তারা হানি করতে রাজি ।
What's Your Reaction?