‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ ’  

Sep 30, 2026 - 09:28
 0  2
‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ ’  

বাংলাদেশে আসছেন জনপ্রিয় পাকিস্তানি তারকা অভিনেতা ওহাজ আলী । ‘তেরে বিন’ নাটকে মুরতাসিম চরিত্রে অভিনয় করে দক্ষিণ এশিয়ার দর্শকদের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন এই অভিনেতা । ঢাকায় একটি বিশেষ আয়োজনে অংশ নেয়ার পাশাপাশি বাংলাদেশি ভক্তদের সঙ্গে দেখা করবেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় নিজেই বাংলাদেশে আসার বিষয়টি জানিয়েছেন ওহাজ আলী। ভিডিও বার্তায় বাংলাদেশী দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’

এরপর তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’ আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’।’
 
এ বিষয়ে দেশের এক গণমাধ্যমকে আয়োজক কর্তৃপক্ষ বলেন, ‘আসলে আমাদের এখানে একটি এক্সিবিশন হবে। পাকিস্তানি অভিনেতা ওহাজ আলী আমার ব্যক্তিগত অতিথি হিসেবে ওই ইভেন্টে আসছেন। মূলত ইভেন্টটির সমাপনী পর্বে অংশ নিতেই তিনি বাংলাদেশে আসছেন। এছাড়া যারা ইভেন্টে স্পেন্ড করবেন, তাদের মধ্য থেকে লাকি ড্রয়ের মাধ্যমে কয়েকজন বিজয়ী নির্বাচিত হবেন।’

তারা আরও বলেন, ‘তারা ওহাজ আলীর সঙ্গে দেখা করার সুযোগ পাবেন। কতজন বিজয়ী থাকবেন, সেটি আয়োজকদের সিদ্ধান্ত অনুযায়ী হবে। আর ‘১০০ জনকে ১৫ হাজার টাকা করে দিতে হবে’ এ ধরনের যে পোস্ট বা তথ্য ছড়াচ্ছে, সেটি সম্পর্কে আমি জানি না। কে বা কারা এমন পোস্ট তৈরি করেছে, সেটিও আমার জানা নেই। আমাদের অনুষ্ঠানের আসল বিষয় হলো এক্সিবিশন ও এর সমাপনী আয়োজনে ওহাজ আলীর উপস্থিতি।’

পাকিস্তানের টেলিভিশন নাটকের পরিচিত মুখ ওহাজ আলী। ২০১৫ সালে ‘ইশক ইবাদত’ নাটকের মাধ্যমে প্রধান অভিনেতা হিসেবে অভিনয়ে অভিষেক হয় তার। এরপর ‘হারি হারি চুড়িয়াঁ’, ‘দিল নওয়াজ’, ‘মাহ-এ-তামাম’, ‘দিল-এ-বেরহাম’, ‘ভরাম’, ‘ফিতুর’ ও ‘ইশক জালেবি’র মতো একাধিক নাটকে অভিনয় করেছেন তিনি।

অভিনয় ক্যারিয়ারে ভিন্নধর্মী চরিত্রেও দেখা গেছে ওহাজকে। ২০২১ সালে ঐতিহাসিক নাটক ‘জো বিছার গায়ে’-তে বাংলাদেশের মুক্তিযোদ্ধা শাফি ইমাম রুমির চরিত্রে অভিনয় করেন তিনি। চরিত্রটি দর্শক ও সমালোচকদের মাঝে আলাদা করে নজর কাড়ে। তবে ওহাজ আলীর ক্যারিয়ারে সবচেয়ে বড় পরিচিতি আসে ‘তেরে বিন’ নাটকের মাধ্যমে। ২০২২ সালের ২৮ ডিসেম্বর প্রচার শুরু হওয়া নাটকটির প্রথম সিজন শেষ হয় ২০২৩ সালের ৬ জুলাই। এতে মুরতাসিম খান চরিত্রে অভিনয় করেন ওহাজ আলী। তার বিপরীতে মীরব চরিত্রে অভিনয় করেন ইয়ুমনা জায়েদি।

মীরব ও মুরতাসিমের সম্পর্কের টানাপোড়েন, প্রেম ও দ্বন্দ্বের গল্প নিয়ে নির্মিত ‘তেরে বিন’ পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশ ও ভারতেও ব্যাপক জনপ্রিয়তা পায়। নাটকটির মাধ্যমে ওহাজ আলীর পরিচিতি ছড়িয়ে পড়ে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের দর্শকের মধ্যে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।