‘পদ্মাবতী’ তারুণ্যে ভরা প্রেমের জয়গান 

‘পদ্মাবতী’ তারুণ্যে ভরা প্রেমের জয়গান 

Aug 20, 2026 - 18:41
Sep 4, 2026 - 02:54
 0  10
‘পদ্মাবতী’ তারুণ্যে ভরা প্রেমের জয়গান 

মাইকেলের ‘পদ্মাবতী’ মঞ্চে এনেছে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) থিয়েটার। এটি তাদের ২৫তম প্রযোজনা। আইইউবি থিয়েটার গত দুই দশক ধরে কাজ করছে। সম্প্রতি তাদের ২০ বছর পূর্তি উপলক্ষে ‘নাট্যবৃত্তের দ্বিদশক’ শিরোনামে নাট্যোৎসবের আয়োজন করে। সেখানেই মঞ্চায়িত হয় ‘পদ্মাবতী’।

নাটকটির নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। এতে মাইকেল মধুসূদন দত্তের কাহিনিকে আশ্রয় করে সমকালীন বাস্তবতার নিরিখে ভিন্ন আরেক ‘পদ্মাবতী ’ নির্মাণ করেছেন। নৃত্য-গীত-বাদ্য-অভিনয়ের সঙ্গে প্রযুক্তির ব্যবহারে এক অনবদ্য প্রাণদীপ্ত প্রযোজনা। ফেসবুক, রিলস ও মিডিয়ার যুগে সবাই যখন গা ভাসাচ্ছে তখন বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষার্থীরা ধ্রুপদি বাংলা নাটক মঞ্চায়ন করছে; সেটা খুবই আনন্দের। যেখানে নাট্যকলা বিভাগ থেকে এমএ ডিগ্রি নেওয়ার পর একজন শিক্ষার্থী নাটকের সঙ্গে যুক্ত থাকছে না, সেখানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের তরুণ ছাত্ররা নাট্যদল গঠন করে নাট্যচর্চা করছে; সেটা খুব বেশি সুখপ্রদ।

কিছু তরুণ উদ্যমী ছাত্র ২০০৬ সালে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থিয়েটারের দলের যাত্রা শুরু করেছিল। হাঁটিহাঁটি পা পা করে এখন ২০ বছরে এসে দাঁড়িয়েছে। তরুণদের অদম্য ইচ্ছেই তাদের দলের প্রাণশক্তি। এ নতুন প্রযোজনায় আইইউবি থিয়েটার মাইকেল মধুসূদন দত্তের ‘পদ্মাবতী ’ নাটকের ভাব-ভাষাকে নিয়ে নতুন আরেক নাট্য নির্মাণ করেছেন। দেবর্ষি নারদের সূক্ষ্ম কৌশলে রতি দেবী স্বপ্নলোকের দরজা খুলে দেন। সেই স্বপ্নেই প্রথমবার মুখোমুখি হয় বিদর্ভ রাজকন্যা পদ্মাবতী ও রাজা ইন্দ্র। দেবতাদের খেলায় জন্ম নেওয়া প্রেম কি এত সহজে পরিণতি পায়? কলিদের ঈর্ষা, ছলনা ও প্রতারণা একের পর এক বিপদের দ্বার খুলে দেয়।

রাজসভা, স্বয়ংবর অনুষ্ঠান, রাজপ্রাসাদ, দুর্গ, অরণ্য, আশ্রম পেরিয়ে নিয়তি যেন বারবার পরীক্ষা নেয় প্রেম, বিশ্বাস ও মানবিকতার। স্বপ্ন আর বাস্তবের সীমারেখা যেখানে বারবার মুছে যায়, সেখানে শেষ পর্যন্ত জয়ী হয় কে? দেবতাদের ইচ্ছা, নাকি মানুষের ভালোবাসা? পৌরাণিক গল্পকে সমকালীন ব্যাখ্যা এমনই প্রশ্ন উত্থাপন করেছে আইইউবি থিয়েটার।

নির্দেশক শামীম সাগর জানান, ‘আমরা মূল নাটকের ভাব, চরিত্র ও নাট্যসত্তাকে অক্ষুণ্ন রেখে ভাষাকে কিছুটা সহজ করেছি, যাতে সমকালীন দর্শক, বিশেষ করে তরুণ প্রজন্ম, মাইকেল মধুসূদন দত্তের নাট্যভাষার সৌন্দর্যের সঙ্গে সহজে সংযোগ স্থাপন করতে পারে। একই সঙ্গে নাটকের গতি, মঞ্চভাষা ও দৃশ্যবিন্যাসকে নতুনভাবে নির্মাণের চেষ্টা করেছি। 

লোকনাট্যের উপাদান, নতুন সংগীত, পাপেট, দৃশ্যপ্রক্ষেপণ এবং প্রতীকধর্মী মঞ্চ-নির্মাণের সমন্বয়ে একটি সমকালীন নাট্যভাষা গড়ে তোলাই ছিল আমাদের লক্ষ্য। পদ্মাবতী চরিত্রে অভিনয় করেছেন আফরিন রহমান। রাজ ইন্দ্র কাফিকুর আজিজ বর্ণ, বিদূষক রিফাত হাসান। নাটকের সংগীত করেছেন রাকিবুল হাসান রানা। নাটকটি নৃত্য-গীত-অভিনয়ে জৌলুসপূর্ণ উপস্থাপনা।

মঞ্চের পেছনের সাদা সায়াক্লোমায় প্রতিটি নাট্যদৃশ্যের ছবি ফুটে উঠেছে। অভিনেতাদের হাতে ফোক মোটিভ ভিন্ন মাত্রা যোগ করেছে। মঞ্চে দৃশ্যের সাজেশন ও আলোর কৌশলে মূর্ত হয়ে উঠেছে গল্প। পোশাক ছিল অত্যন্ত কালারফুল। পৌরাণিক গল্পের রাজকীয় ভাবব্যঞ্জনার সঙ্গে সমকালীন সিনেমাটিক আবেগ ও আনন্দ যেন এক হয়ে ধরা দিয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

বিনোদন ভিশন: বাংলা ভাষায় চলচ্চিত্র, নাটক, সংগীত, ডিজিটাল মিডিয়া, সংস্কৃতি এবং সৃজনশীল অর্থনীতি সম্পর্কে সবচেয়ে নির্ভরযোগ্য Creative Economy & Cultural Intelligence Platform হওয়া; যা শিল্পী, নির্মাতা, গবেষক, নীতিনির্ধারক, শিক্ষার্থী এবং সংস্কৃতিমনস্ক পাঠকদের জন্য প্রধান জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। মিশন: চলচ্চিত্র, নাটক, ওটিটি, সংগীত, শিল্পকলা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পকে তথ্যনির্ভর সাংবাদিকতা, সমালোচনামূলক বিশ্লেষণ, গবেষণা এবং মানবিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে উপস্থাপন করা; যাতে সংস্কৃতি সম্পর্কে গভীর উপলব্ধি তৈরি হয় এবং সৃজনশীল অর্থনীতির বিকাশে ইতিবাচক অবদান রাখা যায়।