২৫০ গ্রাম হেরোইন উদ্ধারের মামলায় মাদক কারবারির যাবজ্জীবন কারাদণ্ড
রাজধানীর কদমতলীর পোস্তগোলা এলাকায় অভিযান চালিয়ে ২৫০ গ্রাম হেরোইন জব্দের ঘটনায় করা মামলায় মো. মহিউদ্দিন নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
শনিবার (১৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-৭ এর বিচারক মো. খোরশেদ আলমের আদালত এই রায় ঘোষণা করেন।
মামলার অভিযোগে বলা হয়, ২০২১ সালের ২৩ নভেম্বর রাত ১টার দিকে র্যাব (বর্তমানে এসআরবি) সদস্যরা কদমতলীর পোস্তগোলা থেকে পাগলাগামী সড়কে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি সাদা রঙের শপিং ব্যাগ হাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।
অভিযোগে আরো বলা হয়, আটক মহিউদ্দিনের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে কালো পলিথিনে মোড়ানো তিনটি প্যাকেট থেকে মোট ২৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মহিউদ্দিন দীর্ঘদিন ধরে অজ্ঞাতনামা ব্যক্তিদের সহায়তায় দেশের বিভিন্ন স্থান থেকে হেরোইন সংগ্রহ করে কদমতলীসহ আশপাশের এলাকায় বিক্রি করার কথা স্বীকার করেন। ওই ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়।
২০২২ সালের ২১ জানুয়ারি মামলাটির তদন্ত শেষে চার্জশিট দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা কদমতলী থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম। ২০২৩ সালের ১১ এপ্রিল আসামির বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেওয়া হয়। বিচারকালে ১৪ জন সাক্ষীর মধ্যে ৯ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
সংশ্লিষ্ট রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। রায় ঘোষণার আগে কারাগার থেকে আসামিকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণা শেষে সাজা পরোয়ানা দিয়ে আবারও তাকে কারাগার পাঠানো হয়েছে।
What's Your Reaction?