মাইক্রোসফটের উইন্ডোজ নিরাপত্তায় নতুন এআই সিস্টেমে যোগ হয়েছে 

Jul 13, 2026 - 18:52
Jul 13, 2026 - 18:52
 0  10
মাইক্রোসফটের উইন্ডোজ নিরাপত্তায় নতুন এআই সিস্টেমে যোগ হয়েছে 

মাইক্রোসফট উইন্ডোজের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে।কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় সাইবার অপরাধীরা খুব সহজেই হামলা চালানোর সুযোগ পাচ্ছে। এই বাস্তবতায় বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অপারেটিং সিস্টেম উইন্ডোজের নিরাপত্তা আরও শক্তিশালী করতে নতুন উদ্যোগ নিয়েছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানটি এআইনির্ভর একটি স্বয়ংক্রিয় নিরাপত্তাব্যবস্থা চালু করছে, যার মাধ্যমে সফটওয়্যারের ত্রুটি দ্রুত শনাক্ত, বিশ্লেষণ ও সমাধান করা সম্ভব হবে।


মাইক্রোসফটের উইন্ডোজ অ্যান্ড ডিভাইসেস বিভাগের সহসভাপতি পবন দাভুলুরি এক ব্লগ বার্তায় জানিয়েছেন, নতুন এই উদ্যোগের লক্ষ্য হলো নিরাপত্তা দুর্বলতা শনাক্তের সময় কমিয়ে আনার পাশাপাশি সমাধান আরও দ্রুত ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া। এর ফলে সাইবার অপরাধীরা কোনো ত্রুটিকে কাজে লাগানোর আগেই প্রয়োজনীয় নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করা সহজ হবে। এ লক্ষ্যে মাইক্রোসফট সিকিউরিটি ‘এমড্যাশ’ নামে একটি মাল্টি মডেলভিত্তিক এআই স্ক্যানিং ব্যবস্থা তৈরি করেছে। এর জন্য ক্লাউডভিত্তিক পৃথক স্ক্যানিং ও যাচাই অবকাঠামো গড়ে তোলা হয়েছে।

মাইক্রোসফটের দাবি, এমড্যাশ প্রযুক্তিটি দ্রুত উইন্ডোজের নিরাপত্তা দুর্বলতা শনাক্তের পাশাপাশি দ্রুত উইন্ডোজের নিরাপত্তা নিশ্চিতে কাজ করা প্রকৌশলীদের জানিয়ে থাকে। ফলে ‘জিরো-ডে’ ধরনের সাইবার হামলার ঝুঁকিও কমে যায়। মাইক্রোসফটের অটোনোমাস কোড সিকিউরিটি (এসিএস) দলের তৈরি প্রযুক্তিটিতে ১০০টির বেশি বিশেষায়িত এআই এজেন্ট একসঙ্গে কাজ করে সম্ভাব্য নিরাপত্তা ত্রুটি খুঁজে বের করে থাকে।
এআইয়ের সহায়তায় শুধু নিরাপত্তা ত্রুটি শনাক্ত করেই থেমে থাকতে চায় না মাইক্রোসফট। এখন থেকে নতুন কোনো ফিচার বা সফটওয়্যার হালনাগাদ তৈরির শুরু থেকেই উন্নয়ন প্রক্রিয়ার প্রতিটি ধাপে এআই ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এ জন্য নিজেদের সিকিউর ডেভেলপমেন্ট লাইফসাইকেল (এসডিএল) নীতিমালা হালনাগাদ করছে প্রতিষ্ঠানটি। নতুন নীতিমালায় এআইনির্ভর সম্ভাব্য হামলার কৌশল বিবেচনায় রেখে নিরাপদ সফটওয়্যার তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি শনাক্তে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও চূড়ান্ত সিদ্ধান্ত মানুষের হাতেই থাকবে। মাইক্রোসফট জানিয়েছে, ঝুঁকির মাত্রা মূল্যায়ন, প্রয়োজনীয় ব্যবস্থা নির্ধারণ এবং সমাধানের মান নিশ্চিত করবেন নিরাপত্তা প্রকৌশলীরাই।

উইন্ডোজের নিরাপত্তায় নতুন এআই সিস্টেম ব্যবহারের গুরুত্ব তুলে ধরেছেন পবন দাভুলুরি। তিনি জানান, এআইনির্ভর সাইবার হামলার গতি যেভাবে বাড়ছে, তাতে নিরাপত্তা ত্রুটি শনাক্ত, সমাধান ও হালনাগাদ প্রকাশের জন্য আগের তুলনায় আরও দ্রুত কাজ করতে হবে। আর এ কারণেই উইন্ডোজের নিরাপত্তাব্যবস্থায় এআইকে আরও বড় পরিসরে কাজে লাগানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোসফট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

ফিচার Vision: বাংলা ভাষায় গভীর অনুসন্ধান, দীর্ঘ আকারের সাংবাদিকতা, মানবিক গল্প এবং বিশ্লেষণধর্মী বর্ণনামূলক প্রতিবেদনের সবচেয়ে প্রভাবশালী ও বিশ্বাসযোগ্য Narrative Journalism Platform হওয়া; যা সময়, সমাজ এবং মানুষের পরিবর্তনের একটি স্থায়ী জ্ঞানভান্ডার হিসেবে প্রতিষ্ঠিত হবে। Mission: সমসাময়িক ঘটনা, ব্যক্তি, সমাজ, সংস্কৃতি, ধারণা এবং পরিবর্তনকে গভীর গবেষণা, অনুসন্ধান, সাক্ষাৎকার, তথ্য, ইতিহাস এবং মানবিক দৃষ্টিভঙ্গির সমন্বয়ে উপস্থাপন করা; যাতে পাঠক কেবল ঘটনা জানতে না পারেন, বরং সেই ঘটনার মানবিক, সামাজিক, সাংস্কৃতিক এবং ঐতিহাসিক তাৎপর্যও উপলব্ধি করতে পারেন।