দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট কার্যতালিকা থেকে বাদ দিয়েছে হাইকোর্ট
সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুর্নীতির ‘প্রাথমিক সত্যতা’ পাওয়া গেছে; দুর্নীতি দমন কমিশনের (দুদক) এমন বক্তব্যের ভিত্তিতে দেওয়া প্রেস ব্রিফিংয়ের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনটি কার্যতালিকা থেকে বাদ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ হোসেন ও আইনজীবী ইউসুফ আলী। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মাহবুবুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. ইমাম হোসেন তারেক।
দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা এবং সহকারী পরিচালক গত ২ ও ১৩ সেপ্টেম্বর পৃথক প্রেস ব্রিফিং করেন। সেখানে আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতি ও অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান শুরুর সিদ্ধান্তের পর প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানানো হয়।
আসিফ মাহমুদের রিটে দাবি করা হয়, ওই প্রেস ব্রিফিং সংবিধানের ৩১ অনুচ্ছেদে নিশ্চিত করা মর্যাদা ও সুনামের সুরক্ষা এবং দুদকের তথ্য অবমুক্তকরণ নীতিমালার লঙ্ঘন। এ কারণে ২ ও ১৩ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের কর্তৃত্ব চ্যালেঞ্জ করে রিটটি করা হয়।
What's Your Reaction?