দীর্ঘ বিরতির পর সত্যজিৎ রায়ের গল্পে সব্যসাচী চক্রবর্তী
প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্ট কালজয়ী গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হিসেবে দর্শকহৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছিলেন ওপার বাংলার প্রবীণ জনপ্রিয় অভিনেতা সব্যসাচী চক্রবর্তী।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই চরিত্রটিকে সফলভাবে পর্দায় রূপ দিলেও বয়সের কারণে একপর্যায়ে তা থেকে সরে দাঁড়ান সব্যসাচী। তবে দীর্ঘ বিরতি ভেঙে আবারও সত্যজিৎ রায়ের সৃষ্টিকে ঘিরেই ক্যামেরার সামনে ফিরছেন এই বর্ষীয়ান অভিনেতা।
জানা গেছে, এর আগে সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে সন্দীপ রায়ের পরিচালনায় ‘সত্যজিতের প্রিয় গল্প’ ও ‘সত্যজিতের গপ্পো’র মতো কয়েকটি ধারাবাহিক দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। এবারও বাবার নির্বাচিত কয়েকটি ছোটগল্প নিয়ে নতুন করে পর্দায় কাজ করার উদ্যোগ নিয়েছেন সন্দীপ রায়।
নতুন এই প্রকল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন সব্যসাচী। তবে এটি ছোটপর্দার জন্য নাকি অন্য কোনো মাধ্যমে তৈরি হচ্ছে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একইভাবে সত্যজিৎ রায়ের কোন গল্পে সব্যসাচীকে দেখা যাবে, সেটিও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে চলতি বছরের শেষদিকে কাজ শুরু হতে পারে।
সব্যসাচীকে সর্বশেষ ‘অচিন্ত্য আইচ’ ফ্র্যাঞ্চাইজির নতুন ধারাবাহিকে দেখা গেছে। সেখানে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
What's Your Reaction?